রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করায় উত্তর কোরীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনকে স্বাগত জানানোর সময় তিনি এ প্রশংসা করেন।
বৈঠকের শুরুতে পুতিন বলেন, ইউক্রেনের দখলে থাকা পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরীয় সেনারাও অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব আমরা কখনো ভুলব না।’
যৌথ সামরিক অভিযানের স্মৃতি ধরে রাখতে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও জানান পুতিন। পাশাপাশি ওই অঞ্চলের অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি।
অন্যদিকে, জো ইয়ং-ওন বলেন, তাদের এই সফর পুতিনের প্রতি উত্তর কোরিয়ার দল ও সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন। বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি ‘নব্য-উপনিবেশবাদ ও নব্য-নাৎসিবাদের পুনরুত্থানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রচেষ্টা’ মোকাবিলায় মস্কোর উদ্যোগের প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দাবি করেছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে বলেও জানান তিনি।
জেলেনস্কি বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিসহ ইউরোপের দেশগুলোর কাছে রাশিয়ায় কার্যকর হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংসের বিষয়েও নতুন করে আলোচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে গত ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরীয় সেনা মোতায়েনের পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে তার এই সফর অনুষ্ঠিত হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি