টেকনাফে থামছে না মানবপাচার, পাহাড়ের গোপন আস্তানা থেকে সাগরপথে বিদেশে পাঠানোর চেষ্টা

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল—কোথাও থামছে না মানবপাচারকারীদের তৎপরতা। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করছে পাচারকারী চক্র। পরে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের। এ পাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

অনেককে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হচ্ছে। আবার কাউকে ট্রলারে তুলে পাঠানো হচ্ছে গভীর সাগরে। পথে নৌযান বিকল হওয়া, খাবার ও পানির সংকট, উত্তাল ঢেউ কিংবা ট্রলারডুবির ঘটনায় ঘটছে প্রাণহানি।

সম্প্রতি টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় এ অঞ্চলে পাচারকারী চক্রের ভয়াবহ তৎপরতা আবারও সামনে এসেছে। গত ৫ নভেম্বরের ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী ও শিশুসহ ৫৭ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও কৌশল পরিবর্তন করে তৎপরতা চালিয়ে যাচ্ছে পাচারকারী চক্রগুলো।

টেকনাফে সাগরপথে মানবপাচারের জন্য মানুষ সংগ্রহ, গোপন আস্তানায় আটকে রাখা, পাহারা দেওয়া এবং উপকূলে পৌঁছে দেওয়ার কাজ একাধিক ধাপে পরিচালনা করছে বিভিন্ন চক্র। কোনো কোনো ক্ষেত্রে অপহরণ করে মানুষকে পাচারের চেষ্টা করা হচ্ছে। আবার কাউকে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।

গত ৫ নভেম্বরের অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আনা হয়েছিল। পরে তাদের পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়। সেখান থেকে সাগরপথে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে।

সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকজন ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা এবং বাড়ি ফিরতে চাইলে চার লাখ টাকা দাবি করা হয়। আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগও করেছেন তারা।

কক্সবাজার উপকূল দিয়ে মানবপাচারের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই রোহিঙ্গা। এ ছাড়া কক্সবাজার জেলায় ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মানবপাচারের অভিযোগে ৪৬২টি মামলা হয়েছে।

 

গত দুই বছরে কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানে সহস্রাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশু ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা। মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল।

এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের কার্যক্রম এখন শুধু সাগরে ট্রলার আটকানোর মধ্যে সীমাবদ্ধ নেই। পাচারকারীরা যাতে মানুষকে ট্রলারে তুলে গভীর সাগরে পাঠাতে না পারে, সে জন্য উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানাগুলোতেও নজরদারি চালানো হচ্ছে।

টেকনাফ থেকে সাগরপথে মানবপাচারের অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। তবে অনেক ক্ষেত্রে থাইল্যান্ডকে মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহার করে পাচারকারীরা।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় বন্দরে মানুষ নেওয়া হয়। সেখান থেকে সাগর বা স্থলপথে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় পাঠানো হয়। কোনো কোনো ক্ষেত্রে এ যাত্রায় পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে।

এ পথে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষও পাচারের শিকার হচ্ছেন।

মানবপাচারের শিকার ব্যক্তিদের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সাগর পাড়ি দেওয়ার সময়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে একটি ট্রলারে তোলা হয়। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা থাকে না। দীর্ঘ যাত্রায় ইঞ্জিন বিকল হওয়া, বৈরী আবহাওয়া কিংবা নৌযান ডুবে যাওয়ার ঘটনায় প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের গত ২৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন। তাদের মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সমুদ্রযাত্রায় অংশ নেওয়া প্রতি সাতজনের একজনের মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছেন।

সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি জোরদার হলেও টেকনাফের পাহাড় ও উপকূলকে কেন্দ্র করে মানবপাচারকারী চক্রের তৎপরতা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি