স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধ শিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য গবেষণায় টেকসই পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজটিই করে যাচ্ছে।
ডা. জুবাইদা আরও বলেন, কাজের ধীরগতির কারণে তরুণ-তরুণীরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাদের গর্বিত হওয়া উচিত, কারণ তাদের এ কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের সংস্কারে পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
অগ্রাধিকারগুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় টেকসই পরিবেশ তৈরি করা।