শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ চার এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলের গুরুত্ব বিবেচনায় কৌশলগতভাবে সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৯ প্লাটুন এবং গাজীপুরের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় দুটি বিশেষ টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করেছে বিজিবি। সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। এ কাজে অত্যাধুনিক ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে সংগৃহীত লাইভ ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি ও নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে শিল্পাঞ্চলগুলোতে বিশেষ টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি