প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে মারধর, বিব্রত পরিবার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে মারধরের শিকার হয়েছেন এক কলেজছাত্র। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে পুলিশি তদন্তে তার বিরুদ্ধে চুরির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরদিন স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। এদিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তার পরিবার।

গত ৬ নভেম্বর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কলেজছাত্রের নাম আব্দুর রাজ্জাক (২৩)। তিনি ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। রাজ্জাক নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি নিজ এলাকায় বাবুরডাঙ্গায় একটি মুদির দোকান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ব্যবসায়িক কাজে সহযোগী ও ভ্যানচালক মো. সোলায়মানকে (২২) সঙ্গে নিয়ে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকায় যান আব্দুর রাজ্জাক। ফেরার পথে পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া এলাকায় পৌঁছালে তার প্রস্রাবের চাপ আসে। এ সময় সোলায়মানকে মোটরসাইকেলসহ সড়কে দাঁড় করিয়ে রেখে একটি বাড়ির পেছনে প্রস্রাব করতে যান তিনি।

এ সময় বাড়ির লোকজন তাকে চোর সন্দেহে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে রাজ্জাককে আটক করে মারধর করেন। পরিস্থিতি দেখে ভয়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান সোলায়মান। অন্যদিকে নিজেকে নির্দোষ দাবি করেও মারধরের হাত থেকে রক্ষা পাননি রাজ্জাক। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশি তদন্তে চুরির অভিযোগের সত্যতা না পাওয়ায় পরদিন স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাজ্জাককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এরই মধ্যে তাকে আটক ও মারধরের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করায় ভুক্তভোগী ও তার পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সোলায়মানের সঙ্গে তার একটি কাজে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে প্রস্রাব করার জন্য একটি জায়গায় দাঁড়াই। এ সময় সেখানকার লোকজন আমাকে চোর সন্দেহে মারধর করেন। একপর্যায়ে আমাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরিবারের কাছে তুলে দেয়। কিন্তু আমাকে মারধরের ভিডিওটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে আমাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও ভিডিওটি ছড়িয়ে পড়ায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।’

সঙ্গে থাকা মো. সোলায়মান বলেন, ‘আমার একটি কাজে আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার জন্য সে মোটরসাইকেল থামাতে বলে। এরপর সে প্রস্রাব করতে যায়। এ সময় পাশের একটি বাড়ির লোকজন চোর বলে চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন এসে তাকে আটক করে মারধর করেন। অনেক মানুষ জড়ো হওয়ায় আমিও ভয় পেয়ে যাই। আমাকে মারধর করতে পারে কিংবা মোটরসাইকেল ভাঙচুর করতে পারে—এমন আশঙ্কায় আমি সেখান থেকে চলে যাই।’

রাজ্জাকের স্বজনেরা জানান, যে অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এতে তাদের পারিবারিকভাবেও নানা কথা শুনতে হচ্ছে। মারধরের কারণে রাজ্জাক এখনো অসুস্থ। পাশাপাশি ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের মো. রাসেল রানা বলেন, ‘আব্দুর রাজ্জাক অত্যন্ত নম্র ও ভদ্র একটি ছেলে। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক। খবর পেয়ে খোঁজ নিয়ে জেনেছি, প্রকৃত ঘটনা না জেনে যারা তাকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন, তারাও পরবর্তী সময়ে দুঃখ প্রকাশ করেছেন।’

প্রত্যক্ষদর্শী সুমন ও রুবেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছেন স্থানীয়রা। পরে তারা জানতে পারেন, ওই যুবক চুরির উদ্দেশ্যে সেখানে যাননি; বরং প্রস্রাব করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তবে ঘটনার দুই দিন আগে ওই গ্রামে কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। চুরির আতঙ্ক থেকেই স্থানীয়রা এমন ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসী জানান।

ইউপি সদস্য নন্দলাল রায় জানান, ওই এলাকায় কিছুদিন আগে টিউবওয়েলের পানিতে অচেতন করার ওষুধ মিশিয়ে কয়েকটি পরিবারের স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মালামাল চুরি করা হয়েছিল। এসব ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার ডোমারের এক যুবককে স্থানীয়রা আটক করেছিলেন। পরে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, চোর সন্দেহে ডোমারের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে বিভিন্ন মাধ্যমে ঘটনার সত্যতা না পাওয়ায় স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

বাগেরহাটে বিকাশকর্মীর ৫ লাখ টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত