বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও বহাল থাকবে নির্বাচনের ফল: ইসরায়েলের নির্বাচন কমিশন

বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ সত্য প্রমাণিত হলেও ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফলাফল বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোহেলবার্গ।

রোববার (১ নভেম্বর) অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থানের কথা জানান।

নোয়াম সোহেলবার্গ বলেন, ‘আমাদের অবস্থান হলো, সন্দেহগুলো প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়া কিংবা সামগ্রিক ফলাফলের গ্রহণযোগ্যতা ও সততাকে ক্ষুণ্ন করবে না।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে, মঙ্গলবারের নির্বাচনে সাফল্য পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো কাতার থেকে অর্থ নিয়ে ভোট ‘চুরি’ করেছে। তবে কাতার এ অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ভোটের আগে ঘুষ দেওয়ার উদ্দেশ্যে নগদ অর্থের খাম বহনের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন রাজনৈতিক কর্মীর মধ্যে দুজনকে রোববার মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা আটটি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সঙ্গে যুক্ত।

এ ঘটনায় দলটির নেতা মনসুর আব্বাস গ্রেপ্তারের ঘটনাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, এটি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা।

অন্যদিকে, প্রধান বিরোধী নেতা গাডি আইজেনকোট অভিযোগ করেছেন, নেতানিয়াহু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে ‘একটি সমন্বিত ও সুসংগঠিত প্রচারণা’ চালাচ্ছেন।

মঙ্গলবারের নির্বাচনে ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে, রা’আম পার্টিসহ তিনটি আরব নেতৃত্বাধীন দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে। বিরোধী জোটের সঙ্গে এসব দলের সমর্থন যুক্ত হলে ৬৭টি আসনের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হতে পারে। এতে নতুন সরকার গঠনের পথ সুগম হতে পারে।

চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নতুন সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন।

সূত্র: আল জাজিরা

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন