রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত উমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

মিল্লাত ডেস্ক: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি উমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির (৪৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
একই সঙ্গে হামলায় আহত ও আটকে পড়া উমরাহযাত্রীদের দ্রুত নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং তাদের সার্বিক সহায়তা দেওয়ায় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ফিরে আসা যাত্রীরা।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ সদস্যের একটি বাংলাদেশি উমরাহ কাফেলা হামলার শিকার হয়। এ ঘটনায় কাফেলার দলনেতা, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি নিহত হন এবং কয়েকজন যাত্রী আহত হন।
হামলার খবর পেয়েই ধর্মমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আহতদের উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেন। যাত্রীদের লাগেজ হারিয়ে গেলে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তাঁদের আপ্যায়ন, নতুন পোশাক ও দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করা হয়।
গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর নির্দেশে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটে নিহত মুফতি নাসরুল্লাহর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলে ধর্মমন্ত্রী নিহতের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন বা দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এছাড়া শহীদের পরিবারকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত আর্থিক সহায়তা, স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করা হয়।
এদিকে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাফেলার ৩৩ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। যাত্রীদের জন্য সেখানে নৈশভোজ এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহনের সুব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উমরাহযাত্রীদের যেকোনো প্রয়োজনে সরকার এবং ধর্ম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। ওলামায়ে কেরাম ও কাফেলার সদস্যরা বিপদের দিনে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ধর্মমন্ত্রী এবং সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related posts

শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা: ১০ মাসেও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল ডাকাতি, ট্রাক-পিকআপসহ গ্রেপ্তার ২

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য