মিল্লাত ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয়, সে ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের স্পিকার এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অর্থবিত্ত বা সম্পদের অভাব থাকলেও সমাজে যেসব মানুষের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়া উচিত। এ বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি নির্বাচনী পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ ও সৎ মানুষও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান।’
আওয়ামী লীগের বিগত শাসনআমলের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। বিগত সময়ে আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করে রেখেছিল, যেখানে সৎ ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব ছিল। তাই বর্তমান নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি।”
ভোলার প্রাকৃতিক সম্পদ ও গ্যাসের সম্ভাবনা সম্পর্কে স্পিকার বলেন, ভোলায় যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে, তা বর্তমান জাতীয় রিজার্ভের প্রায় সমান। ভোলার মানুষের জন্য এই গ্যাস পাওয়ার দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত ও ন্যায্য। ভোলাবাসী যেন তাদের এই প্রাপ্য সুবিধা পায়, সে বিষয়ে তিনি অতিশিঘ্রি জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে ৩ দিনের সফর শেষে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন স্পিকার।