জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

 

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। এ সমঝোতার আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বনমন্ত্রী মোহামেদ আরকাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে।

এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামোর উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম চর্চা সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান।

সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এ চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, সরকারি পর্যায়ে আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ সৃষ্টি করবে।

সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় করার পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স