টঙ্গীতে সাত হাফেজকে পাগড়ি প্রদান, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কাজী আশরাফুল আলম, টঙ্গী, গাজীপুর :

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাতুর রহমাহ আল আরাবিয়ার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়। এ সময় বক্তারা ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টঙ্গীর গাজীবাড়ি মোড়ে আসরের নামাজের পর মাহফিল শুরু হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, ইসলামী জীবনব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত আলেম-ওলামারা। রাত ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গীর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা জাকির হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামিয়াতুল মানহাল আল ক্বওমিয়া, উত্তরার মুহতামিম শায়খুল হাদিস মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারবাড়ির মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম এবং টঙ্গীর জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইব্রাহিম খলিল রাহমানি।

মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহ জামাল ও মুফতি শাহ আলী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের গাজী মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, ইসলামী শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক চরিত্র গঠন, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং সৎকর্মের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

তাঁরা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন