মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানার হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে ইউনিটের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়ায়।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।