Home আজকের মিল্লাত নিজ বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর: প্রতিমন্ত্রী

নিজ বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর: প্রতিমন্ত্রী

A+A-
Reset

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা নয়, নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে গত তিন দিনে প্রায় ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এবং আরও ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-এর অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ সরকারি ও জাতীয় ভবনগুলোর ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এতে ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িক উদ্যোগ হিসেবেও বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা সামনে রেখে কোনো মহল যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, দরিদ্র মানুষ তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসেন। প্রত্যেক ইউএনওকে এমন একটি তহবিল দেওয়া হলে দরিদ্রদের ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে এ অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে।

বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তারা সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো ইউএনওদের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচার আমলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে রাতের ভোট বা ডামি নির্বাচন আয়োজনের নির্দেশ দেবে না।

মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায়ভার সরকার নেবে না।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা