Home আজকের মিল্লাত মার্কিন দুই যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতির দাবি ইরানের

মার্কিন দুই যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতির দাবি ইরানের

A+A-
Reset

মার্কিন সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ‘এজিস’ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ নামের দুটি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। ইরানি ট্যাংকার ও জাহাজে যুক্তরাষ্ট্রের ‘আক্রমণাত্মক পদক্ষেপ ও শত্রুতাপূর্ণ হয়রানির’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে আইআরজিসি ও দেশটির অন্যান্য সামরিক বাহিনী যেকোনো ‘ভুল হিসাব-নিকাশের’ বিরুদ্ধে শত্রুপক্ষকে সতর্ক করে দিয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তবে মার্কিন দুই যুদ্ধজাহাজে হামলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা