Home জাতীয় অনুপস্থিত ও সাদা খাতা জমা দিয়েও রিভিউ আবেদন, ২ পরীক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

অনুপস্থিত ও সাদা খাতা জমা দিয়েও রিভিউ আবেদন, ২ পরীক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

A+A-
Reset

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অনুপস্থিত থেকেও খাতা পুনর্মূল্যায়নের আবেদন করায় এক পরীক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। আরেক পরীক্ষার্থী আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও খাতা পুনর্মূল্যায়নের আবেদন করায় তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পৃথকভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

মুহাম্মদ সাইফুল আমিনের নোটিশে বলা হয়, গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় আপনি একজন প্রার্থী ছিলেন। উক্ত পরীক্ষার ফলাফল গত ২৫ অক্টোবর প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর যেসব প্রার্থী উক্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন, তাদের যৌক্তিক কারণ সাপেক্ষে লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে রিভিউ আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। আপনিও একজন রিভিউ আবেদনকারী ছিলেন। তবে লিখিত পরীক্ষা-সংক্রান্ত রেকর্ড এবং পরীক্ষা কেন্দ্র থেকে প্রাপ্ত আপনার উত্তরপত্রে দেখা যায়, আপনি ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা (Blank Answer Script) জমা দিয়েছিলেন। বিষয়টি এনরোলমেন্ট কমিটির নজরে এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কিসের ভিত্তিতে আপনি পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন এবং কোন মানদণ্ডে বা কী প্রক্রিয়ায় আপনার ওই ‘অদৃশ্য’ বা ‘কাল্পনিক’ প্রশ্নোত্তরের রিভিউ করা সম্ভব হতো, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ‘সচিব, বাংলাদেশ বার কাউন্সিল’ বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

সাইদুল ইসলামের নোটিশে বলা হয়, গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় আপনি একজন প্রার্থী ছিলেন। উক্ত পরীক্ষার ফলাফল গত ২৫ অক্টোবর প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর যেসব প্রার্থী উক্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন, তাদের যৌক্তিক কারণ সাপেক্ষে লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে রিভিউ আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। আপনিও একজন রিভিউ আবেদনকারী ছিলেন। তবে লিখিত পরীক্ষা-সংক্রান্ত রেকর্ড এবং পরীক্ষা কেন্দ্র থেকে প্রাপ্ত প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী দেখা যায়, আপনি ২৮ জুন অনুষ্ঠিত ওই এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। বিষয়টি এনরোলমেন্ট কমিটির নজরে এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, যে লিখিত পরীক্ষায় আপনি অংশগ্রহণই করেননি, সেই পরীক্ষার উত্তরপত্র বা ফলাফল কিসের ভিত্তিতে পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন এবং কোন মানদণ্ডে বা কী প্রক্রিয়ায় আপনার সেই ‘অদৃশ্য’ বা ‘কল্পিত’ উত্তরপত্রের রিভিউ করা সম্ভব হতো, সে বিষয়ে ব্যাখ্যাসহ আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ‘সচিব, বাংলাদেশ বার কাউন্সিল’ বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা