দিল্লির ইশারায় যারা কাজ করছে, তাদের দিল্লিতেই চলে যেতে হবে: ভূমিমন্ত্রী

দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান নেই। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যেতে হবে।’

‘মওদুদী’ প্রসঙ্গে তিনি বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছিল এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার লক্ষ্যেই তাকে তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। তার দাবি, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সরিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানসংক্রান্ত দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স