মেসিকে ছাড়া আর্জেন্টিনার ৪-০ গোলের জয়, নতুন অধিনায়ক রোমেরো

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা দারুণ করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে মেসির অবসর ঘোষণার পর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ।

ম্যাচের ১৯তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৯ মিনিটে নিকো পাজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে নিকো পাজের ফ্রি-কিক থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নতুন অধিনায়ক রোমেরো। ম্যাচের ৮৬তম মিনিটে চতুর্থ গোলটি করেন হোসে ম্যানুয়েল লোপেজ।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে পরিষ্কার আধিপত্য ছিল আর্জেন্টিনার। দলটি প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ বল নিজেদের দখলে রাখে এবং মোট ১৭টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়া মাত্র তিনটি শট নিতে পারে।

মেসির অনুপস্থিতিতে রোমেরোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে। ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ-পরবর্তী নতুন পর্বেরও সূচনা করেছে। তবে মেসির আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী সপ্তাহে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে একটি বিদায়ী ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।

আর্জেন্টিনা আগামী শনিবার আরেকটি প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। এরপর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই মেসির জাতীয় দলের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স