ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর একাধিক কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে রাজধানী অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।’ দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্কও রয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দেড়টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে জোহরের নামাজ আদায়, মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে ফেনীতে তারেক রহমানের এটিই প্রথম সফর। এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।

ফেনী সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে জেলা বিএনপিও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেয়।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স