মাউন্ট এতনায় তীব্র অগ্ন্যুৎপাত, কাতানিয়ায় ফ্লাইট স্থগিত

ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনায় আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর প্রভাবে আকাশে প্রায় ৪ কিলোমিটার উঁচু ছাই ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে আকাশসীমায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে সিসিলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট অবতরণ স্থগিত করা হয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিকস অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বায়ুমণ্ডলে ব্যাপক আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আকাশসীমার ‘সি-১’ সেক্টর বন্ধ করে রেড অ্যালার্ট জারি করা হয়। একই সঙ্গে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাউন্ট এতনা থেকে ছাই ছড়িয়ে পড়ায় স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইটের অবতরণ স্থগিত রাখা হয়।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টি ফ্লাইটের পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় পরে অবতরণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ফ্লাইট চলাচল স্থগিতের আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে কাছাকাছি বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও বিকল্প গন্তব্য হিসেবে কোমিসো বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আকাশসীমা পুনরায় চালু এবং বিমান চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related posts

আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তিতে’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এথেন্সে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৬

বিশ্বমঞ্চে ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপ, সংকট কাটেনি