এথেন্সে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণের পর দুইতলা ভবনটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুইজনের মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ছয়ে দাঁড়ায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা নথি ও ব্যক্তিগত সামগ্রীর মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত অপর দুজন ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতি। তাঁদের একজন ব্রিটিশ পুরুষ এবং অন্যজন গ্রিক নারী।

বিস্ফোরণের ফলে ভবনটির আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের একটি ভবনের দুই নারী আহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি উদ্ধারকারী কুকুর, জিওফোন ও বিশেষ ক্যামেরা ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে এসব সরঞ্জাম দিয়ে তল্লাশি চালান উদ্ধারকারীরা।

প্রাথমিকভাবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস লিকেজের বিষয়টি সামনে এসেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে। পাশের দুটি ভবনও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার মার্কিন নাগরিক ওই এলাকায় পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে তাঁদের যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইট ছিল বলেও জানা গেছে।

এদিকে প্লাকার বাসিন্দাদের একটি সংগঠন দাবি করেছে, প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল।

তবে ওই সতর্কবার্তার সঙ্গে বিস্ফোরণের সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

Related posts

আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তিতে’ জবাবের হুঁশিয়ারি ইরানের

মাউন্ট এতনায় তীব্র অগ্ন্যুৎপাত, কাতানিয়ায় ফ্লাইট স্থগিত

বিশ্বমঞ্চে ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপ, সংকট কাটেনি