আফগানিস্তানে হামলা হলে পাকিস্তানকে কঠোর জবাবের হুঁশিয়ারি তালেবানের

আফগানিস্তানের অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকতে পাকিস্তান সরকারকে সতর্ক করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর বিষয়ে ইসলামাবাদের অভিযোগও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন জাবিহুল্লাহ মুজাহিদ।

সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালায়, তাহলে নিজেদের দেশ রক্ষার পূর্ণ অধিকার আফগানিস্তানের রয়েছে। সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো ঘটনায় পাকিস্তানকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছিলেন, আফগান ভূখণ্ডকে উগ্রবাদীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে।

এই অভিযোগের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুল তাদের ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পরিচালিত হতে দেয় না। একই সঙ্গে অন্য কোনো দেশকে লক্ষ্য করে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীকেও তালেবান সরকার সমর্থন করে না বলে জানান তিনি।

মুজাহিদ বলেন, টিটিপি ও বালুচ গোষ্ঠীকে ঘিরে সহিংসতার সূত্রপাত তালেবান ক্ষমতায় আসার অনেক আগেই। তাই পাকিস্তানের নিজেদের নিরাপত্তাজনিত সমস্যার দায় আফগানিস্তানের ওপর না চাপিয়ে অভ্যন্তরীণভাবেই তা সমাধান করা উচিত।

তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তানের সঙ্গে সংলাপে বসতে আফগানিস্তান আগ্রহী বলে জানান তালেবানের এই মুখপাত্র। তিনি গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান।

এ ছাড়া কাবুল ও ইসলামাবাদের মধ্যকার বিরোধ নিরসনে বন্ধুপ্রতীম দেশ হিসেবে সৌদি আরবকে এগিয়ে এসে ‘ইতিবাচক ভূমিকা’ পালনের আহ্বান জানান জাবিহুল্লাহ মুজাহিদ। প্রয়োজনে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতেও সৌদি আরবকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

 

Related posts

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষক পাবেন বিশেষ সম্মাননা

সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে হুথি, বাড়তে পারে লক্ষ্যবস্তু

রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্রে