মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলা ‘মহাপাপ’: দুই পবিত্র মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। আল্লাহর ঘর ও মসজিদে নববীকে লক্ষ্যবস্তু বানানোর সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

হুথিরা তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে ধর্মীয় স্লোগান ব্যবহার করছে বলেও অভিযোগ করেন শেখ বান্দার বালিলা।

অন্যদিকে মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ। এসব হামলা নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিপূর্ণ মানুষকে আতঙ্কিত করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শহরটির দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী।

ইয়েমেনের বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ বান্দার বালিলা আরও বলেন, এ ধরনের হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও শক্তিশালী করবে। মুসলিম বিশ্বের কিবলা হিসেবে মক্কার মর্যাদা ও নিরাপত্তা সবসময় অটুট থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: সৌদি গেজেট

Related posts

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষক পাবেন বিশেষ সম্মাননা

সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে হুথি, বাড়তে পারে লক্ষ্যবস্তু

রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্রে