ফারুক আহমদ, (নিজস্ব প্রতিবেদক) :
লায়ন্স ইন্টারন্যাশনাল (জেলা ৩১৫ এ১, বাংলাদেশ)-এর অন্তর্গত ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার’-এর উদ্যোগে এবং লায়ন মোঃ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প। এতে মোট ২৬ জন রোগীর চোখে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সাভারের আশুলিয়া ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালটেকী জামে মসজিদ সংলগ্ন মাঠে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাইকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত বাছাইকরণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত ছানি রোগীদের গত ১৫ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওস্থ ‘বিএলএফ হাসপাতালে’ ভর্তি করা হয়।
পরদিন ১৬ সেপ্টেম্বর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ১৬ জন পুরুষ এবং ১০ জন মহিলাসহ মোট ২৬ জন রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসাসেবা শেষে আজ ১৭ সেপ্টেম্বর রোগীদের ছাড়পত্র প্রদান করে হাসিমুখে ছাড়পত্র দেওয়া হয়। তবে শারীরিক পরীক্ষায় ৯ জন রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধরা পড়ায় সুরক্ষার স্বার্থে চিকিৎসকরা আপাতত তাঁদের অপারেশন স্থগিত রাখেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দেন।
যাতায়াত, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন, লেন্স স্থাপন এবং ওষুধপত্রসহ সম্পূর্ণ চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার’। বিনামূল্যে এমন আধুনিক ও মানসম্মত সেবা পেয়ে রোগীরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
লায়ন মোঃ হুমায়ুন কবিরের এমন মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “অসহায় ও দুস্থ মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় সেবা আর হতে পারে না। সামাজিক দায়বদ্ধতা থেকে লায়ন্স ক্লাব ও লায়ন হুমায়ুন কবির ভাই যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।”
উল্লেখ্য, “Together We Rise, Together We Thrive” স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।