ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার্থে ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদেরই টিসিবির সুবিধার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে সরকারের প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
মন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিসিবির সুবিধা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো সহজ হবে।