কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মমিনুল ইসলাম :

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক সাগর আহমেদ। এরপর উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানবা শামসুন্নাহার শীলা।

বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন কামাল, কালীগঞ্জ উপজেলা সাংবাদিক সভাপতি মো. সোহরাব হোসেন, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাহবুব, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার এবং গাজীপুর মহানগর কমিটির সহসভাপতি স্বপন চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র, সামাজিক সচেতনতা ও জনস্বার্থে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক এখনো অবহেলা, বৈষম্য ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য ন্যূনতম ভাতা বা বেতন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা, হয়রানি, জুলুম ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফরিদ খান বলেন, একজন সাংবাদিক জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশের দায়িত্ব পালন করেন। তাই দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের অন্যায় আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হন বলেও উল্লেখ করেন।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ফরিদ খান কার্যালয়টির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান