এআই পণ্যের চাহিদায় চীনের রপ্তানি-আমদানি বাণিজ্যে বড় উল্লম্ফন

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠককে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চীনের বৈদেশিক বাণিজ্য। গত আগস্টে দেশটির রপ্তানি ও আমদানি—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

সেমিকন্ডাক্টর, কম্পিউটিং হার্ডওয়্যার এবং এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিপণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে চীনের রপ্তানি প্রবৃদ্ধি শক্তিশালী অবস্থানে রয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। তবে আগস্টের এই প্রবৃদ্ধি ব্লুমবার্গের অর্থনীতিবিদদের ২৫ দশমিক ৯ শতাংশের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম।

অন্যদিকে, আগস্টে চীনের আমদানি বেড়েছে ২৮ দশমিক ২ শতাংশ। জুলাইয়ে আমদানি প্রবৃদ্ধির হার ছিল ২৭ দশমিক ৫ শতাংশ। তবে ব্লুমবার্গের জরিপে অর্থনীতিবিদদের দেওয়া ৩১ শতাংশ পূর্বাভাসের তুলনায় আগস্টের আমদানি প্রবৃদ্ধিও কম হয়েছে।

চীনের অভ্যন্তরীণ অর্থনীতিতে কিছুটা স্থবিরতা দেখা দেওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে বৈদেশিক বাণিজ্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। চলতি বছর বৈদ্যুতিক যানবাহন, ভোগ্যপণ্য ও শিল্পযন্ত্রপাতির পাশাপাশি বৈশ্বিক এআই খাতের দ্রুত সম্প্রসারণও চীনের রপ্তানিতে নতুন গতি এনেছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীন থেকে কম্পিউটার ও এর যন্ত্রাংশ রপ্তানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, চীন তার অর্থনীতিকে সচল রাখতে এখনো ব্যাপকভাবে রপ্তানির ওপর নির্ভর করছে।

তবে বড় কয়েকটি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উদ্বৃত্ত দেশটির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। বিদেশি কর্মকর্তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের ব্যাপক উপস্থিতি স্থানীয় ব্যবসা ও প্রতিযোগিতাকে চাপে ফেলছে।

ঝিওয়েই ঝাং আরও বলেন, জি২০ সম্মেলনে মার্কিন সরকার স্পষ্ট করেছে যে চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্যের বড় ধরনের বৈষম্য নিয়ে তারা উদ্বিগ্ন।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে এই প্রবৃদ্ধির হার ছিল মাত্র ১৭ শতাংশ।

এদিকে চলতি মাসেই ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে চীনের বাণিজ্য পরিস্থিতির এই নতুন পরিসংখ্যান প্রকাশ পেল।

উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েনের মধ্যেও চীন ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছিল।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান