ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ১২ দেশ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে। একই সঙ্গে কয়েকটি দেশ ইউরোপীয় পর্যায়ে এ ধরনের নিষেধাজ্ঞামূলক পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় তারা নিজ নিজ দেশে জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবেন অথবা ইউরোপীয় পর্যায়ে নেওয়া এ ধরনের পদক্ষেপকে সমর্থন করবেন।

এ ছাড়া কয়েকটি দেশ নিজস্ব জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলি বসতি সংশ্লিষ্ট আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া বা সমর্থন জানানো ১২টি দেশের তালিকায় যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের পাশাপাশি রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে ঘোষণা দেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। তিনি জানান, কানাডা ও ফ্রান্সও এসব বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেবে।

এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন ব্রিটেনের এই উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মিলিব্যান্ড।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা কাঠামোও চালু করা হবে। শুধু অন্যায় ও দুর্ভোগের নিন্দা জানানো নয়, এর পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

মিলিব্যান্ড বলেন, আরও দুর্ভোগ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের ঘটনায় ব্রিটেন নীরব দর্শক হয়ে থাকবে না।

ইসরায়েল দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে একমত নয়।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান