গাজায় ‘অপরাধের প্রমাণ মুছে ফেলার’ চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত ‘নৃশংস অপরাধের’ প্রমাণ আড়াল ও মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল—এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।

বিবৃতিতে হামাস দাবি করেছে, গাজায় হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ এবং কথিত গণহত্যার বিভিন্ন বস্তুগত প্রমাণ রয়েছে। কিন্তু ইসরায়েল ধ্বংসস্তূপ অপসারণ, চূর্ণবিচূর্ণ ও এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার মাধ্যমে এসব আলামত ‘মুছে ফেলার’ চেষ্টা করছে।

হামাসের দাবি, ঘটনাস্থল, মরদেহ ও আলামতের সঙ্গে এ ধরনের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশের সরাসরি লঙ্ঘন। গাজায় গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল আইসিজে।

একই সঙ্গে মরদেহ ও ঘটনাস্থলের আলামত নষ্ট করা নিহতদের মর্যাদা এবং স্বজনদের লাশ উদ্ধার করে ধর্মীয় ও সামাজিক রীতিতে দাফন করার অধিকারের ওপরও আঘাত বলে উল্লেখ করেছে হামাস।

ঘটনাস্থলগুলো সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি মরদেহ উদ্ধার এবং বিভিন্ন আলামত নথিভুক্ত ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছে হামাস।

তবে বিবৃতিতে গাজার ধ্বংসস্তূপ দ্রুত অপসারণ ও পুনর্নির্মাণকে অত্যন্ত জরুরি মানবিক ও জাতীয় প্রয়োজন হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। একই সঙ্গে এটিকে ফিলিস্তিনি জনগণের ‘অলঙ্ঘনীয় অধিকার’ বলেও দাবি করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান