ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।

সোমবার হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এ তথ্য জানান। তিনি বলেন, আল-জাওফ শহরের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে এই হামলা চালানো হয়।

হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হামলার পরবর্তী পরিস্থিতির বেশ কিছু ভিডিও সম্প্রচার করেছে। চ্যানেলটির দাবি, ভিডিওগুলোতে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালানোর দৃশ্য দেখা গেছে।

তবে হুথিদের এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আল মাসিরাহ টিভিতে আরও কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। হুথিদের দাবি, এতে ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য রয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে ‘গণহত্যা’ চালানো, গোয়েন্দা ড্রোন পরিচালনা এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অভিযোগ করেছেন।

তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান