যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ফ্রেসনো ফায়ার বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎবিভ্রাটের মানচিত্র অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর তা পুনরায় স্বাভাবিক হয়।
নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।