ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইরান-সংশ্লিষ্ট তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় দুটি ট্যাংকার স্থায়ীভাবে অচল এবং একটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

সেন্টকমের দাবি, খার্গ দ্বীপের কাছে একটি এবং হরমুজ প্রণালির কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ওমান উপসাগরে তৃতীয় একটি ট্যাংকার ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার লক্ষ্য করে একাধিক হামলা চালায়। তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খার্গ দ্বীপের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর নিশ্চিত করেছিল। তবে মার্কিন যুদ্ধজাহাজে হামলার বিষয়টি তেহরান তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার আইআরজিসিকে সতর্ক করে বলেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে ইরানের তেলবাহী নৌবহরকে লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সেন্টকমের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি ট্যাংকার আইআরজিসি ও তাদের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত কয়েক বিলিয়ন ডলারের একটি গোপন নেটওয়ার্কের অংশ।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে নৌ-মাইন স্থাপনে ব্যবহৃত দুটি রকেট লঞ্চার ধ্বংস করেছে তাদের বাহিনী।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও একটি ‘খুবই তীব্র হামলা’ চালানোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নতুন করে শুরু হওয়া এই লড়াই খুব বেশি দিন স্থায়ী হবে না।

তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাও ছিল বলে দাবি করা হয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান