একাই নদী পরিষ্কার করে তাক লাগালেন তরুণ, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব

দূষণে জর্জরিত একটি নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের পরিবেশবান্ধব উদ্যোগ নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। সুরেন্দ্রের কাজের প্রশংসা করে তাকে নিজের প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব দিয়েছেন তিনি।

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী দীর্ঘদিন ধরে প্লাস্টিক, কাদা, শেওলা ও নানা ধরনের বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। নদীর একটি অংশের এমন করুণ অবস্থা দেখে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেই এটি পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নদীর পাশে থাকা একটি স্থানীয় মন্দিরের আশপাশও আবর্জনায় ভরে গিয়েছিল। দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে নদী পরিষ্কারের কাজ শুরু করেন সুরেন্দ্র।

শুরুতে কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরবর্তী সময়ে প্রায় একাই কাজ চালিয়ে যান তিনি। সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করে দিনের পর দিন নদীতে নেমে হাতে হাতে প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য বর্জ্য তুলে ফেলেন। এ কাজে তার কাছে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রীও ছিল না। এমনকি সাঁতারও জানতেন না তিনি। তারপরও পরিবেশ রক্ষার তাগিদে ঝুঁকি নিয়ে নদী পরিষ্কারের কাজ চালিয়ে যান।

নদী পরিষ্কারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের সঞ্চয়ের অর্থও ব্যয় করেন সুরেন্দ্র। দীর্ঘদিন এ কাজ করতে গিয়ে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। নদীতে নামার কারণে শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ ও ত্বকে চুলকানির সমস্যা দেখা দেয়। কাজের সময় কয়েকবার সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে। এসব ঝুঁকি ও শারীরিক সমস্যার পরও থেমে যাননি তিনি।

সুরেন্দ্রের এই ব্যতিক্রমী উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। তরুণটির কাজ দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে নিজের প্রতিষ্ঠানে কাজ করার আমন্ত্রণ জানান।

সুরেন্দ্র সাধারণ পরিবারের সন্তান। বাবা-মায়ের সঙ্গে বসবাসকারী এই তরুণ বর্তমানে স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিজের এলাকার একটি দূষিত নদী পরিষ্কারের উদ্যোগ দিয়ে শুরু করা তার এই কাজ এখন আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান