ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম শেষে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকারসহ ভারী যানবাহনের দুর্ঘটনা নতুন নয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন, ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান