মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ। তিনি বলেন, এ জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে। জোটটিতে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের বিষয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্যটি আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।