জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান।

শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আন্তর্জাতিক আইন, আইনের শাসন, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও শরণার্থী সুরক্ষায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আইরিন খানের। ২০২০ সাল থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) প্রায় ২১ বছর কাজ করেন। সেখানে ভারতে চিফ অব মিশন এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আইরিন খান হার্ভার্ড ল স্কুল ও ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। মানবাধিকার ও শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘সিডনি পিস প্রাইজ’ লাভ করেন।

তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইটির লেখক। আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, শরণার্থী সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন কাজ করা আইরিন খানের নতুন দায়িত্বকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ নিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান