Home আজকের মিল্লাত ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

A+A-
Reset

রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ বাস্তবায়নে এ অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে ডেনমার্ক বাংলাদেশকে সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে দেশটি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

তিনি বলেন, ‘এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।’

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি সংগ্রহ ও শোধন করে রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এবং নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এদিকে রোহিঙ্গাদের সহায়তায়ও ডেনমার্ক ১০০ কোটি টাকা অর্থ সহায়তা দেবে বলে জানান মীর শাহে আলম। এ অর্থ রোহিঙ্গা ক্যাম্পে পানি ও সংশ্লিষ্ট সেবা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানান তিনি।

ডেনমার্কের এ সহায়তা বাস্তবায়িত হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে নগরবাসীর পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা