যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র ২০ শতাংশে। অর্থাৎ কমেছে প্রায় ৮০ শতাংশ।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। যুদ্ধ শুরুর আগে সাত দিনে যে পরিমাণ জাহাজ এই নৌপথ ব্যবহার করত, বর্তমান সংখ্যা তার মাত্র এক-পঞ্চমাংশ।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জাহাজ চলাচলে বাধা দেওয়ায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। জাহাজগুলোর ওপর দিয়ে ড্রোন উড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে সতর্ক করা বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার আশঙ্কায় জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচল কমে যাওয়া জাহাজগুলোর বড় একটি অংশ তেলবাহী ট্যাংকার। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, মোট কমে যাওয়া জাহাজের প্রায় ৪৫ শতাংশই তেলবাহী ট্যাংকার।
এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথকে বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, গত ৬ জুলাইয়ের পর ওই নৌপথে ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি হামলাই ঘটেছে ওমানের উপকূলসংলগ্ন এলাকায়।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই