Home আজকের মিল্লাত তরুণদের নেতৃত্বে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণদের নেতৃত্বে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

A+A-
Reset

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ সমাজ চাইলে একটি দেশকে পরিবর্তন করা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ তাদের শক্তি ও সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু কীভাবে ছড়ায় তা সবারই জানা। বিভিন্ন স্থানে ভাঙারি, কাগজপত্র, প্লাস্টিক ও মাটির তৈরি নানা জিনিস পড়ে থাকে। এসব জায়গায় পানি জমে এডিস মশার প্রজনন ঘটে। সবাই সম্মিলিতভাবে সচেতন হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, ‘এই মাঠে আমরা যত মানুষ আজ উপস্থিত আছি, প্রত্যেকে পানি খাই। প্রত্যেকে যদি একটি করে জিনিস মাঠে ফেলে দিই, হয়তো তখন কেউ কিছু বলবে না। কিন্তু এই ময়লাগুলো আস্তে আস্তে জমে আবর্জনায় পরিণত হবে। সেখান থেকে রোগ-জীবাণু তৈরি হবে। আপনি বা আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়বেন।’

নিজেকে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা নিজেকে সুস্থ রাখি। নিজের পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন নয়।’

তিনি বলেন, ‘আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে। কিন্তু প্রতি সপ্তাহে এক ঘণ্টা যদি আমরা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুত এই পরিবর্তন আনতে আমরা সক্ষম হব।’

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা যেখানে-সেখানে ময়লা ফেলেন, তাদের নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাই কথা একটাই—কাজ, কাজ আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা