চার দিনে দুইবার মাঠে লুটিয়ে পড়া মুসিয়ালার রোগ শনাক্ত

চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পর বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা জামাল মুসিয়ালার শারীরিক সমস্যার কারণ শনাক্ত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে, যা এক ধরনের খিঁচুনি বা মৃগিরোগজনিত সমস্যা। তবে এ কারণে তার স্বাস্থ্যে বাড়তি কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন মুসিয়ালা নিজেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) হাইডেনহাইমের বিপক্ষে বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মুসিয়ালা। কিছুক্ষণ পরই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার সময় দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়ান। পরে মাঠ ছাড়ার সময় সতীর্থদের সহায়তা নিতে হয় তাকে।

এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষেও একই ধরনের ঘটনায় মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। তবে ওই ম্যাচে তিনি নিজেই হেঁটে মাঠের বাইরে যান। সে সময় তাকে কিছুটা হতভম্বও দেখাচ্ছিল।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় মুসিয়ালার স্নায়বিক সমস্যাটি শনাক্ত হয়। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মুসিয়ালা জানান, স্নায়বিক সমস্যার কারণেই লাইপজিগ ও হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এতে তার স্বাস্থ্যের অন্য কোনো বাড়তি ঝুঁকি নেই। বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ফুটবলের প্রতি নিজের আবেগ ধরে রেখেই এই সমস্যা কাটিয়ে উঠতে চান মুসিয়ালা। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে ওঠার জন্য যা সবচেয়ে কার্যকর, সেটিই অনুসরণ করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে পরপর দুই ম্যাচে মুসিয়ালার মাঠে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফুটবলার, ক্লাব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার প্রতি সহানুভূতি জানিয়েছেন।

তবে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে মুসিয়ালার খিঁচুনির বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। ক্লাবটি জানিয়েছে, মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই আঘাতজনিত কারণে মুসিয়ালাকে তুলে নেওয়ার প্রয়োজন হয়। এর আগে লাইপজিগের বিপক্ষে ম্যাচের পর বায়ার্ন জানিয়েছিল, গরম কিংবা মাথা ঘোরার কারণে তার সাময়িক শারীরিক প্রতিক্রিয়া হয়েছিল।

পরপর দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার ঘটনায় মুসিয়ালার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর ক্লাব বিশ্বকাপে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে গুরুতর পায়ের চোট পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় তার ফিবুলা হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি একাধিক লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

দীর্ঘ পুনর্বাসন শেষে জানুয়ারিতে মাঠে ফেরেন মুসিয়ালা। এরপর জার্মানির ২০২৬ বিশ্বকাপ দলেও জায়গা পান তিনি। তবে পুরোনো চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে সতর্কতার সঙ্গে এগোতে হয়েছে।

এবার নতুন করে স্নায়বিক সমস্যা শনাক্ত হওয়ায় মাঠে ফেরার পরবর্তী পথেও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে থাকতে হবে মুসিয়ালাকে। তবে আপাতত স্বাভাবিক জীবনযাপন ও ফুটবলের প্রতি ভালোবাসা ধরে রেখেই সুস্থ হয়ে ওঠার প্রত্যয় জানিয়েছেন বায়ার্নের এই তারকা।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান