ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? যা জানা গেল

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছে তার নাম। তবে এ বিষয়ে এখনো নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সাবেক এই তারকা। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি সত্য, নাকি গুঞ্জন—তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইসলাম গ্রহণের দাবিটির সূত্রপাত তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্য থেকে। ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে শাহিন দাবি করেন, ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। একই সঙ্গে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান তিনি।

আলি শাহিনের ভাষ্য, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয় বলেও দাবি করেন তিনি।

শাহিনের দাবি অনুযায়ী, ওই সাক্ষাতের সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আলি শাহিনের বক্তব্যের পর খবরটি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এতে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। তবে তাদের বিয়ে সাম্প্রতিক কোনো ঘটনা নয়; চলতি বছরের শুরু থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি আপাতত আলি শাহিনের বক্তব্যের ওপরই নির্ভর করছে। কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এটিকে নিশ্চিত সংবাদ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান