কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এর তৃতীয় তলায় এ আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরু প্রবেশপথ ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন।

কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনই বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেলটিতে অবস্থান করছিলেন।

হোটেলের আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকেই বের হতে পারেননি।

ঘটনাস্থলটি কলকাতা দমকল বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে বাংলাদেশ থেকে চিকিৎসা ও অন্যান্য কাজে কলকাতায় যাওয়া মানুষজনের একটি বড় অংশ অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় পুরো ভবনে মোট কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান