ফেসবুক-সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চার দেশের প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, ছবি, ভিডিও বা মন্তব্য প্রকাশ কিংবা শেয়ার করার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বা শেয়ার করা কোনো পোস্ট, মন্তব্য, ছবি কিংবা ভিডিও কখনো কখনো আইনি বা অন্যান্য জটিলতার কারণ হতে পারে।

এ কারণে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই এবং সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে এমন কোনো কনটেন্ট থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যার মাধ্যমে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দূতাবাস বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে পারে। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে তথ্য যাচাই করে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান