বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে ব্যয় নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।”
তিনি আরও বলেন, “যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।”
প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ে শৃঙ্খলা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রয়োজনীয় খাতে যথাযথ ব্যয় নিশ্চিত করার কথাও জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।