অপতথ্য ঠেকাতে গণমাধ্যমসহ সব পক্ষকে একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর

ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার রোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্যসহ সাধারণ মানুষের কাছ থেকেও নিয়মিত ভুয়া ও সন্দেহজনক কনটেন্ট নিয়ে অভিযোগ আসছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রচারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া যেকোনো তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী বিশেষভাবে শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে গণমাধ্যম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনেস্কো এবং আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অনলাইনে নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভুয়া তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান