বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, সপ্তাহে ৩৫টি নতুন যাত্রীবাহী ফ্লাইট

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বাড়ছে। আগামী বছরের ৫ মার্চ থেকে দুই দেশের মধ্যে নতুন সমঝোতার আওতায় সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, কোড-শেয়ারিং ও উড়োজাহাজ লিজিংয়ের সুবিধাও থাকছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

নতুন সমঝোতা অনুযায়ী, দুই দেশের মধ্যে সপ্তাহে অনুমোদিত যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়াবে। ফলে বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে অতিরিক্ত যাত্রীচাপ এবং আসন সংকট মোকাবিলা সহজ হবে বলে মনে করছে বেবিচক।

ফ্লাইট সংখ্যা বাড়ায় সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশির যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যে প্রতিযোগিতা বাড়লে বিমানভাড়াও তুলনামূলক কমতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থায় শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের জন্য সৌদি আরবে যাতায়াত আরও সুবিধাজনক হবে।

এ ছাড়া সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ থাকায় সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি পণ্য পাঠানোর পরিমাণও বাড়তে পারে। তৈরি পোশাক, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত ও সরাসরি পরিবহনের সুযোগ তৈরি হবে।

সমঝোতায় পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন এবং ওয়েট লিজের মাধ্যমে উড়োজাহাজ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা দুই দেশের এয়ারলাইনসগুলোর পরিচালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ফ্লাইট সংখ্যা বাড়লে সৌদি আরবগামী যাত্রীদের অন্য দেশে ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। এতে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে এবং সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে পুরোনো দুই টার্মিনালের একটি হজযাত্রীদের জন্য আলাদাভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে হজ মৌসুমে বিপুলসংখ্যক যাত্রীর চাপ সামলানো এবং যাত্রী ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান