বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫টি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন ও আর্থিক খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধি দলে এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা, মেটলাইফ, বোয়িং ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ ২৫টি মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা ছিলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, ব্যবসার পরিবেশ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
গত ১১ আগস্ট ইউএসবিবিসির প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তিন দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কীভাবে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে অংশ নেন।
অন্যদিকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশপ বলেন, বৈঠকে অংশ নেওয়া ২৫টি কোম্পানিই বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ ও কারিগরি জ্ঞানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক বর্তমানে বেশ উৎসাহব্যঞ্জক। এসব ইতিবাচক সূচক দেশটিতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।