আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এ সময়ে তরুণদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগানো দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, তরুণদের শক্তি একটি দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করে। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান