অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। নতুন করে মার্কিন হামলার জেরে ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে হরমুজে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হামলা চালিয়েছে বলে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

এছাড়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, আইআরজিসি হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছিল, দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ কোনও জাহাজই এই সমুদ্রপথ ব্যবহার করতে পারবে না।

এছাড়া অনুমতি ছাড়া বা অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানো হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের সামরিক সদর দপ্তর ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানায়, এই অঞ্চলের নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই কৌশলগত সমুদ্রপথ সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘অব্যাহত আগ্রাসন’ এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবিও প্রত্যাখ্যান করেছে তারা।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান