কক্সবাজারে একের পর এক অপহরণ: বেপরোয়া আরাকান আর্মি

এইচ এন আলম,কক্সবাজার প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ফের জেলেদের ওপর ভয়ংকর হানা দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

২ অক্টোবর বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র থেকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা।

জেলেদের পাশে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের মালিক মো. কালাম ও সৈয়দ আহমদের ট্রলার দুটিকে আটকের পর আরাকান আর্মি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যায়। পরে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্কে’ আটক জেলে ও ট্রলারের ছবি প্রকাশ করে সংগঠনটি।

ওয়েবসাইটে দাবি করা হয়, বাংলাদেশি ট্রলার দুটি মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল। তবে স্থানীয় জেলেদের অভিযোগ, এ ধরনের ঘটনা বারবার ঘটায় বঙ্গোপসাগর ও নাফ নদী মাছ ধরা এখন জীবন বিপন্ন এক ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ দৈনিক মিল্লাত প্রতিবেদক কে বলেন, ‘আমাদের ঘাটের অনেক ট্রলার এখনো ফেরেনি। তবে দুটি ট্রলার ও ১৪ জেলে আটক হওয়ার খবর একেবারেই সত্য।’ একই সঙ্গে আরেক মালিক মো. রফিক অভিযোগ করেন, এর আগেও আরাকান আর্মি বহু জেলেকে আটকে রেখেছে, অনেককে এখনো ফেরত আনা যায়নি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানিয়েছেন, বিষয়টি তারা একাধিক সূত্রে জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। যৌথ বাহিনীর নজরদারি অব্যাহত আছে।

বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী