Home আজকের মিল্লাত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্ল্যাটফর্মে বড় সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্ল্যাটফর্মে বড় সাইবার হামলা

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এতে মার্কিন সামরিক বাহিনীর গোপন কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের নথি এবং রসদ সরবরাহ-সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। তবে কারা এই হামলা চালিয়েছে, এর পরিধি কতটা এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম এবং মিশন সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।’

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর মূল উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন সেবা একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।

প্ল্যাটফর্মটির গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য সংগ্রহ ও সমন্বয় করে।

এ ছাড়া ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের আরেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি স্থানে থাকা মার্কিন বিমানবাহিনীর বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ করা হয়।

২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করেছে এসএআইসি (SAIC)। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এসএআইসি কোনো সাড়া দেয়নি। অন্যদিকে, লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাঁদের একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’

ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার তদন্তে মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাইবার কমান্ড সাড়া দেয়নি।

বন্ধ অ্যাপ্লিকেশনের হালনাগাদ, বেড়েছে নিরাপত্তাঝুঁকি

সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কয়েকটি গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হলেও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধনী বা আপডেট প্রয়োগ করতে পারছেন না।

পঞ্চম এক সূত্র জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিন অধিকারও প্রত্যাহার করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে। তিনি কন্ট্রোল প্লেনকে একটি ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেছেন।

তার ব্যাখ্যা অনুযায়ী, এ ধরনের প্রবেশাধিকার কাজে লাগিয়ে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। তবে হামলাকারীরা বাস্তবে এমন কোনো তথ্য সংগ্রহ করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে এই অনুপ্রবেশ ঘটানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলা নিয়ে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশের খবর সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, ক্লাউডভিত্তিক নেটওয়ার্কে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের কারণ। কারণ, এআই প্রযুক্তি ব্যবহার করে বড় পরিসরের নেটওয়ার্কে থাকা নিরাপত্তার দুর্বলতা দ্রুত শনাক্ত করার সক্ষমতা বাড়ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে মার্কিন সরকারকে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন ট্রেজারি বিভাগে সাইবার হামলা।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার ঘটনা দেশটির জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা