Home আজকের মিল্লাত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে বঞ্চনার শিকার হচ্ছেন সুসান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে বঞ্চনার শিকার হচ্ছেন সুসান সারান্ডন

A+A-
Reset

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় এখনো হলিউডে পেশাগত বঞ্চনা ও নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন।

ইতালিতে চলমান ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী এ কথা বলেন।

সুসান সারান্ডন বলেন, ফিলিস্তিনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার বিষয়ে বিশ্বজুড়ে জনমতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের প্রতিফলন এখনো হলিউডের বড় প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে না।

তার দাবি, হলিউডের কিছু প্রভাবশালী ট্যালেন্ট এজেন্সি এখনো প্রযোজকদের তাকে সিনেমায় না নেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিক পরামর্শ দিয়ে আসছে। বিশেষ করে বড় স্টুডিওগুলো ফিলিস্তিনের পক্ষে কিংবা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার শিল্পীদের কাজ দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে।

সারান্ডন জানান, হলিউডের এই বিরোধিতার কারণে সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটি সিনেমার কাজ হাতছাড়া হয়েছে। তবে বিশ্বজুড়ে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় তিনি আনন্দিত।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ‘দ্য ইকো চেম্বার’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ায় পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রখ্যাত ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে সারান্ডন একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন লায়ন’ পুরস্কারের জন্য মনোনীত ২১টি ছবির তালিকায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর ফিলিস্তিনপন্থী একটি সমাবেশে বক্তব্য দেওয়ার জেরে সারান্ডনের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করে হলিউডের শীর্ষ প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি (ইউটিএ)।

এর পর থেকেই তার হলিউড ক্যারিয়ারে পেশাগত বাধা ও বঞ্চনার বিষয়টি আলোচনায় আসে।

এদিকে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিনে চলমান সংঘাত ও আগ্রাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। উৎসবের বেশ কয়েকটি চলচ্চিত্রে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম তুলে ধরা হয়েছে।

তবে ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা জানিয়েছেন, ইতালি সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেওয়ায় উৎসব প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর সুযোগ নেই।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা